IH.

Connect

October 16, 2023 · 4 min read

ফাংশনে `return` মানে কী? কেন ব্যবহার করা হয়?

ফাংশনের return কী, কেন এটি ব্যবহার করা হয় এবং return না করলে কী হতে পারে—সহজ উদাহরণ দিয়ে বিস্তারিত ব্যাখ্যা।

JavaScript Functions Return Beginner

প্রশ্নোত্তর | Q&A: ফাংশনে return মানে কী? কেন এটি ব্যবহার করা হয়? return ব্যবহার না করলে কী হতে পারে?

☕ একটি সহজ উদাহরণ দিয়ে বুঝি

ফাংশনকে একটি কফি মেশিন হিসেবে কল্পনা করা যায়।

ধরুন, আপনি একটি কফি মেশিনের মধ্যে দুধ, চিনি এবং কফি পাউডার দিলেন। এরপর কফি মেশিন সব উপকরণ পরিমাণমতো মিশিয়ে আপনাকে এক কাপ কফি তৈরি করে দিল।

এখানে—

  • কফি মেশিন = Function
  • 🥛 দুধ, চিনি, কফি পাউডার = Arguments (বা Parameters)
  • তৈরি হওয়া কফি = Return Value

অর্থাৎ, ফাংশন তার কাজ শেষ করে যে ফলাফল আপনাকে দেয়, সেটাই হলো return

return আসলে কী?

return এর মাধ্যমে আপনি ফাংশনকে বলছেন—

“ভিতরে যা হিসাব-নিকাশ করার করো, তারপর ফলাফলটা আমাকে ফেরত দাও।”

যেমন,

function add() {
  return 1 + 2;
}

const result = add();

console.log(result); // 3

এখানে return এর মাধ্যমে 3 বাইরে পাঠানো হয়েছে, যা আমরা result ভ্যারিয়েবলে সংরক্ষণ করেছি।

return যা লিখবেন, সেটাই পাবেন

ধরুন, ফাংশনের ভিতরে আপনি 1 + 2 হিসাব করলেন।

কিন্তু শেষে লিখলেন—

function example() {
  1 + 2;

  return 100;
}

console.log(example()); // 100

এক্ষেত্রে ফাংশনের আউটপুট হবে 100

কারণ return-এ আপনি যা দিবেন, ফাংশন সেটাই রিটার্ন করবে।

return না লিখলে কী হবে?

ফাংশন তার কাজ ঠিকই করবে।

কিন্তু যদি আপনি কোনো return না লিখেন, তাহলে JavaScript স্বয়ংক্রিয়ভাবে undefined রিটার্ন করে।

function greet() {
  console.log("Hello");
}

const result = greet();

console.log(result); // undefined

এখানে "Hello" প্রিন্ট হবে, কিন্তু result এর মান হবে undefined

তাহলে কি return ছাড়াও ফাংশন কাজ করতে পারে?

হ্যাঁ, অবশ্যই পারে।

অনেক সময় ফাংশনের কাজ শুধু কোনো কিছু পরিবর্তন করা বা কোনো অ্যাকশন সম্পন্ন করা।

যেমন—

let count = 0;

function increase() {
  count++;
}

increase();

console.log(count); // 1

এখানে ফাংশন কিছু return করেনি।

তবুও বাইরের count ভ্যারিয়েবলের মান পরিবর্তন হয়েছে।

এ ধরনের কাজকে সাধারণত Side Effect বলা হয়।

return না করলে সমস্যা কোথায়?

যদি আপনি কোনো ফলাফল বাইরে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই return করতে হবে।

function add(a, b) {
  const sum = a + b;
}

const result = add(5, 3);

console.log(result); // undefined

এখানে sum ফাংশনের ভিতরে তৈরি হয়েছে।

কিন্তু return না থাকায় বাইরে থেকে সেটি পাওয়া যাচ্ছে না।

এখন return যোগ করলে—

function add(a, b) {
  return a + b;
}

const result = add(5, 3);

console.log(result); // 8

এবার ফলাফলটি বাইরে ব্যবহার করা যাচ্ছে।

সংক্ষেপে

  • return ফাংশনের ফলাফল বাইরে পাঠায়।
  • return এ যা লিখবেন, ফাংশন সেটাই রিটার্ন করবে।
  • return না লিখলে JavaScript ডিফল্টভাবে undefined রিটার্ন করে।
  • return না থাকলেও ফাংশন তার কাজ সম্পন্ন করতে পারে।
  • তবে ফাংশনের ফলাফল বাইরে ব্যবহার করতে চাইলে return অবশ্যই ব্যবহার করতে হবে।